যশোর জেলা প্রতিনিধি
দীর্ঘ ৩৫ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন হলিহট্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীন। বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলার বিদ্যালয়ে তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার মানুষজন অংশ নিয়ে আবেগঘন পরিবেশ তৈরি করেন।
জালাল উদ্দীন ১৯৯১ সালে নিজের জমি দান করে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শিক্ষকতার শুরু ছিল সহকারী শিক্ষক হিসেবে, পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। বিদায় অনুষ্ঠানে তার সঙ্গে সহকারী শিক্ষক আলতাফ হোসেনকেও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়।
হলিহট্ট আশার আলো সামাজিক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা বলেন, “জালাল ও আলতাফ স্যারের মতো জনপ্রিয় দুই শিক্ষককে সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।”
বিদায়ী শিক্ষক জালাল উদ্দীন বলেন, “আজ আমি নিজেকে সার্থক মনে করছি। এ সংবর্ধনা স্মরণীয় হয়ে থাকবে। আয়োজকদের প্রতি চিরকৃতজ্ঞ।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য ইয়াকুব মোল্যা, ওয়ার্ড বিএনপি সভাপতি হবিবার মোল্যা, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ অভিভাবকবৃন্দ।

