রুহুল আমিন, যশোর জেলা প্রতিনিধি
টানা তিন মাসের ভারী বৃষ্টিপাতে যশোরের চৌগাছা উপজেলার নারানপুর ইউনিয়নে প্রায় ৪ হাজার বিঘা কৃষি জমি তলিয়ে গেছে। এতে অন্তত ১০ হাজার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নিষ্কাশনের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় প্রতি বছরই কৃষিখাতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হচ্ছে। এবার ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, নারানপুর ইউনিয়নের বিস্তীর্ণ সোনাবেলে ও ফাসতলা মাঠ জুড়ে শুধু থৈ থৈ করছে বৃষ্টির পানি। মাঠের পর মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় ধান, কলা, পাট, ড্রাগন ও পেয়ারা বাগানসহ বিভিন্ন ধরনের মৌসুমি সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে।
স্থানীয় কৃষকরা জানান, বিগত ৩০ বছর ধরে বর্ষা মৌসুমে এই ফসলি জমিগুলো পানির নিচে ডুবে থাকে। এতে তাদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। নারানপুর ইউনিয়নের চাঁদপাড়া, গোয়াতুলি, বড় খানপুর, কেসমত খানপুর, বাদেখানপুর, নারণপুর, বন্দলীতলা, বাটিকামকলি গ্রামের মধ্যবর্তী স্থানে এই সোনাবেলে ও ফাসতলা মাঠ অবস্থিত।
ক্ষতিগ্রস্ত কৃষক ইসলাম আলী বিশ্বাস বলেন, “এখানে আমরা ধান, ভুট্টা, পাটের চাষ করি। কিন্তু ফসল তোলার ঠিক আগ মুহূর্তে প্রতি বছরই পানিতে সব তলিয়ে যায়। এভাবে বছরের পর বছর আমাদের চাষাবাদ হুমকির মুখে পড়েছে।”
আরেক কৃষক আব্দুল মালেক বলেন, “মাঠে পানি না থাকলে আমরা বছরে তিন থেকে চার বার ফসল ঘরে তুলতে পারতাম। কিন্তু এখন এই জমিগুলো একফসলি জমিতে পরিণত হয়েছে। এতে শুধু কৃষকদেরই ক্ষতি হচ্ছে না, বরং এই অঞ্চলের সামগ্রিক কৃষিখাতেও ব্যাপক প্রভাব পড়ছে।”
স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় কৃষক তরিকুল ইসলাম ডাবলু সম্প্রতি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও চৌগাছা উপজেলা পরিষদে লিখিত আবেদন করেছেন। তিনি বলেন, “প্রতি বছর জমিগুলো পানিতে তলিয়ে গেলেও স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। অথচ মাত্র আধা কিলোমিটারের একটি ড্রেন নির্মাণ করে এই পানি চৌগাছা কপোতাক্ষ নদে ফেলতে পারলে কৃষকদের এই কষ্ট লাঘব হয়ে যেত।”
তিনি আরও অভিযোগ করেন, ৩০ বছর আগে একজন স্থানীয় চেয়ারম্যান ড্রেন নির্মাণের উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কেউ তাদের কথা ভাবেনি। দ্রুত একটি ড্রেন নির্মাণ করে ৩ হাজার বিঘা ফসলি জমির পানি স্থায়ীভাবে নিষ্কাশনের জন্য তিনি উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন বলেন, “এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নারানপুর ইউনিয়নে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এই ইউনিয়নের ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধান হয়। এ বছর প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে ধান রোপণ হয়েছে এবং ৫০০ হেক্টর জমি এখনও জলাবদ্ধ আছে। এই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে কাজ করছে।”
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম জানান, “স্থায়ী জলাবদ্ধতা নিরসনের জন্য কৃষকরা একটি আবেদন করেছেন। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন গুরুত্ব সহকারে কাজ করছে।

