মো. রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের মুকশিদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহিণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী আব্দুল মান্নান (৬২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে গোয়ালঘরে গরুর জন্য পানি দিতে গিয়ে বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে সাজেদা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। তার ডান বাহুর নিচে কয়েক ইঞ্চি লম্বা পোড়া ক্ষতও দেখা গেছে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি তরুন জানান, সকালে গোয়ালঘরে মোটরের সুইচ দিতে গিয়ে তার দাদি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে স্বামী আব্দুল মান্নান দৌড়ে এসে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতের ঝটকায় ছিটকে পড়ে যান। পরে প্রতিবেশীরা ছুটে এসে মেইন সুইচ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন।
নিহত সাজেদার একমাত্র ছেলে রইচ উদ্দিন মায়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন। তিনি জানান, মৃত্যুর কয়েক মিনিট আগেই মায়ের সঙ্গে তার মোবাইলে কথা হয়েছিল। এমন আকস্মিক মৃত্যুর খবরে তিনি ভেঙে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগ বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনা নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার ডান হাতের নিচে গভীর পোড়া ক্ষত ছিল। বিষয়টি আমরা স্থানীয় থানায় জানিয়েছি।”

