নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাজিদাদপুর গ্রামে পাট শুকানোর বাঁশ টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের নীতিশ কুমার বালা (৫৫) ও জগদীশ কুমার বিশ্বাসের (৬০) মধ্যে জমি সংক্রান্ত পুরোনো বিরোধ ছিল। সম্প্রতি সালিশের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হলেও শুক্রবার জগদীশ বিশ্বাসরা রাস্তার ধারে বাঁশ টাঙিয়ে পাট শুকাতে গেলে নীতিশ বালার পক্ষ বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
আহতদের মধ্যে গুরুতর সাতজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়। এদের মধ্যে উত্তম সরকার (৩০)–কে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ (পান্নু) জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। থানা পুলিশও টহলের জন্য রওনা হয়েছিল, তবে সংঘর্ষ থেমে যাওয়ায় তারা ফিরে যায়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “সংঘর্ষের বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

