এস এম শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় সোয়েবুর খান (৪০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার মাইটকুমড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোয়েবুর খান মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার পৌরসভা গেট এলাকায় বৃহস্পতিবার রাতে মাসুম রহমানের দোকানে মধ্যরাত পর্যন্ত কেরাম খেলেন সোয়েবুর খান। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। পরদিন শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাইটকুমড়া গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিকালে বলেন, খবর পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

