নড়াইল প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এস এম আব্দুল হক, সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু, সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, মলয় নন্দি, হাফিজুল রহমান নিলুসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, তুহিনকে নির্মমভাবে হত্যা করা দেশের স্বাধীনতা ও গণমাধ্যমের জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় সারাদেশে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবে।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

