নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের বন্ধ হয়ে যাওয়া এয়ারপোর্ট-গাজীপুর বিআরটি প্রকল্প এবং ঢাকা-টঙ্গী-গাজীপুর চার ও দ্বৈত রেললাইন প্রকল্প দ্রুত শেষ করার দাবি জানিয়ে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ সংগঠন শনিবার গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
বক্তারা বলেন, গাজীপুর একটি শিল্প কেন্দ্রিক এলাকা, যেখানে প্রায় ৩ হাজার কারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ প্রায় ৭০ লাখ মানুষ বাস করে। ঢাকার সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ শুধু গাজীপুরবাসীর জন্য নয়, বরং উত্তর ও পশ্চিমাঞ্চলের ১৭ জেলা, তিনটি বিভাগীয় শহর এবং রাজধানী ও চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য অপরিহার্য।
তারা উল্লেখ করেন, ১২ বছর আগে শুরু হওয়া বিআরটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে থাকা সত্ত্বেও ২৭ জুলাই একনেক সভায় অতিরিক্ত ব্যয়ের অজুহাতে কাজ স্থগিত হয়েছে। একইভাবে ঢাকা-টঙ্গী-গাজীপুর রেললাইন প্রকল্পও দীর্ঘদিনে শেষ হয়নি, যার কারণে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
সংবাদ সম্মেলনে সাত দফা দাবি জানানো হয়:
বিআরটি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করা
প্রাপ্ত ১৮৭টি অত্যাধুনিক এসি বাস চালু করা
ঢাকা-গাজীপুর রেললাইন প্রকল্প দ্রুত শেষ করা
শিববাড়ি বিআরটি টার্মিনাল ও জয়দেবপুর রেলস্টেশনের সংযোগ সড়ক নির্মাণ
জয়দেবপুর স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা ও কমিউটার ট্রেনের সময় ও সক্ষমতা বৃদ্ধি
সহজে টিকিট প্রাপ্তির ব্যবস্থা ও মাসিক টিকিট চালু করা
রেলক্রসিংয়ে ফ্লাইওভার, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ফুটওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ
গাজীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল বাড়ি বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল বাতেন, ব্যবসায়িক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংগঠন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে, “গাজীপুরের জনগণকে আর অবহেলা নয়, উন্নয়নের প্রকৃত সুফল দিন।”

