শামীম শেখ, রাজবাড়ী প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে সকল আসামীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রাজবাড়ী প্রেসক্লাব। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু। বক্তৃতা দেন রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইমানুল হক, আল্লা নেওয়াজ খায়রুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হীরন, সাবেক সভাপতি খান মো. জহুরুল হক ও আবু মুসা বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ ও সাধারণ সম্পাদক শিহাবুর রহমান, ব্যবসায়ী নেতা কাজী বেনজির আহমেদ ও রইস উদ্দিন ডিউক, যুবদল নেতা খায়রুল আনাম বকুল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, সাংবাদিক কবির হোসেন, সোহেল রানা, খন্দকার রবিউল ইসলাম মজনু, শেখ রনজু আহমেদ, দেবাশীষ বিশ্বাস, শিক্ষক এ মজিদ বিশ্বাসসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এটি শুধু একজন সাংবাদিক নয়, বরং সারাদেশের সংবাদকর্মীদের নিরাপত্তার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধরের ঘটনাও ঘটেছে।
তারা আরও বলেন, চাঁদাবাজ সন্ত্রাসীরা যেভাবে তুহিনকে কুপিয়ে হত্যা করেছে, তা দেশের আইন-শৃঙ্খলার অবনতির ভয়ঙ্কর চিত্র তুলে ধরেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের আরও জবাবদিহিতা প্রয়োজন। এই ঘটনার সাথে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাব, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবসহ জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

