রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,তারেক রহমান একজন আদর্শিক ও জাতীয়তাবাদী নেতা, যার চিন্তা-চেতনা, দর্শন ও প্রতিশ্রুতিতে রয়েছে কেবল বাংলাদেশের জনগণের কল্যাণ ও দেশের স্বার্থ। দেশের প্রতি তার দায়বদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
শনিবার ( ৯ আগস্ট) খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি বিশেষ মহল দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, তারেক রহমান এমন এক নেতা, যাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি সেই মহলের নেই।
আজিজুল বারী হেলাল আরও বলেন, বর্তমানে দেশে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে ভয়াবহ হুমকি তৈরি হয়েছে। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বিএনপি মনে করে, সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বিএনপির নেতৃত্বে নিরাপদ। এ কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন এক সম্প্রীতির রাজনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে আছে ও থাকবে। জনগণের শক্তির ওপর ভিত্তি করেই একটি জবাবদিহিমূলক, কল্যাণকামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে দল কাজ করছে। সমাবেশে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতি ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে এবং রাজু বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, এনামুল হক সজল, যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু,সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান,মোল্লা মাহাবুর রহমান,সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাইমুল হক, মোল্লা হুমায়ুন কবিরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। জনসমাগমে মুখর ছিল ইউনিয়ন পরিষদ চত্বর বিএনপির সম্প্রীতি সমাবেশকে ঘিরে ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যাপক জনসমাগম ঘটে। সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নেতাকর্মীরা তাদের বক্তব্যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

