সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের জসীম উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ পারভেজ আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম ঠাকুর এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ একরাম হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুক এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ মমিন হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, মৎস্য চাষি দুর্গাগাচরণ দাস ও আলী হোসেন।
আলোচনা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়, যাতে তারা মাছ চাষে আরও উৎসাহিত হন।

