গাইবান্ধা প্রতিনিধি
বিএনপির গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা’ সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ফুলছড়ি-সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা জেলা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী খান দুখু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত খান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, জেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুনমুন রহমান, রুবি আলম প্রমুখ।
বক্তারা বলেন, নাহিদুজ্জামান নিশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

