এস. এম. শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আতিয়ার রহমানের বাড়িতে দেড় হাজার রোগীর চোখের পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাই শেষে প্রথম পর্যায়ে ৫০ জনের চোখে লেন্স সংযোজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিদের ধাপে ধাপে চিকিৎসা দেওয়া হবে।
এ চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন—নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এ. মতিন, শরীফ আতিয়ার রহমানের বড় ছেলে সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, ছোট ছেলে ডা. শরীফ শামীম আতীক, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হাসান ও ডা. জোবায়ের রিয়াল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনসহ অনেকে।
আয়োজকরা জানান, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার বিনামূল্যে পারিবারিক চিকিৎসা, ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বড় পরিসরে সোমবার বিনামূল্যে দেড় হাজার রোগীর চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত হলো।

