যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকা থেকে ৫টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টার দিকে যশোর ৪৯ বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল হামিদপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি বাস তল্লাশি করে তাদের আটক করা হয়। পরে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃতরা স্বর্ণের বারগুলো ভারত পাচারের উদ্দেশ্যে বহন করছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে আনা হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

