রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনায় গত বছরের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন চাচাতো ভাইসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৫ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি মামলাটি দায়ের করেন। রোববার (১৭ আগস্ট) আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের করেন। মিছিল সাতরাস্তা মোড়ে পৌঁছালে ১–১০ নম্বর আসামির নেতৃত্বে শর্টগান, পিস্তল, বোমা ও ইট-পাটকেল নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন আহত হন।
আহতদের স্থানীয় গরীব নেওয়াজ ক্লিনিকে নেওয়া হলে সেখানেও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় আহতদের পুলিশ ভ্যানে তুলে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, আব্দুস সালাম মুর্শেদী, শেখ সোহেলসহ আরও অনেকে।
বাদী সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েছিলাম। হঠাৎ করে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমার অনেক বন্ধু আহত হয়েছে। এক বছর পার হলেও এখনও বিচার হয়নি
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন জানান, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় বিভিন্ন সংগঠন ও অধিকারকর্মীরা মামলাটি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

