উত্তম শর্মা,দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগড় ইউনিয়নের ভাবকী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কর্তন, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শনের পর জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী মো. গোলাম আযম (২৫) বাদী হয়ে বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোলাম আযম জানায়, ক্রয়কৃত সম্পত্তিতে ইউক্যালিপটাস ও মেহগনি গাছ রোপণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ১৭ আগস্ট বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে একই এলাকার মো. আব্দুল বাসেদসহ ৯ জন বিবাদী হাতুড়ি, দা, কুড়াল, লোহার রড, বাঁশের লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জবরদখলের উদ্দেশ্যে মেহগনি গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করেন।
গোলাম আযম বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রতিবেশীদের আরও গাছ কাটার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে যাওয়ার সময় তারা প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনি সহায়তা পেতে দেরিতে হলেও থানায় অভিযোগ দায়ের করেছেন মো. গোলাম আযম। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার এসআই সুমন দেবনাথ।

