রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার বয়রা এলাকায় একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে তিসা (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
তিসা খুলনার সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলায়। তিনি আ. রউফ মোল্লার মেয়ে। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম নবধারাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিসা বয়রা কলেজের বিপরীতে একটি পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে আরও দুই ছাত্রীসহ ভাড়া থাকতেন। ঘটনার দুই দিন আগে তিসা বাড়ি গিয়েছিলেন এবং পরে আবার মেসে ফিরে আসেন। কিন্তু ওই সময় তার রুমমেট দুইজনই বাড়িতে ছিলেন না।
তিনি আরও জানান, বাসায় একা থাকার সুযোগে রাতের কোনো এক সময় ফ্যানের হুকে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিসা। ভবনের নিরাপত্তাকর্মী বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে তিসার পরিবারকে জানালে তারা যশোর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হন। পরে তারা এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তখনই পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তিসার মরদেহ উদ্ধার করে। সে সময় ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল: বাবা-মা, আমাকে ক্ষমা করে দিও।
ওসি জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

