যশোর প্রতিনিধি
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য এন্ট্রি পদে ৯ম গ্রেড বাস্তবায়ন ও চার স্তরের একাডেমিক পদ সোপান নিশ্চিত করার দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন যশোর জিলা স্কুল এবং যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। তারা বলেন, “আমরা যে দায়িত্ব পালন করি, তার যথাযথ মর্যাদা চাই। আমাদের এন্ট্রি গ্রেড ৯ম করতে হবে এবং গেজেটেড মর্যাদা দিতে হবে। এই বৈষম্য দূর না হলে শিক্ষক সমাজের মাঝে হতাশা বাড়বে।”
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম সিদ্দিকী, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক মহিউদ্দিন আহমেদ এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু বিশ্বাস প্রমুখ।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ আজ তারাই পেশাগতভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তাই সরকারের কাছে জোর দাবি—বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে দ্রুত সমাধান দিতে হবে।

