মো. আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এবং এ হাসপাতাল সরাইল উপজেলায় নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল কুট্টাপাড়া এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে সরাইল উপজেলার সর্বস্তরের জনগণ। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকা নিয়ে অবস্থিত সরাইল উপজেলা ভৌগোলিকভাবে জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রে অবস্থান করছে। আশুগঞ্জ, নাসিরনগর, বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ হলে জেলার প্রতিটি উপজেলার মানুষ সহজে চিকিৎসা সেবা পাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান পলাশসহ ওলামা দলের নেতৃবৃন্দ।
কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টারের সঞ্চালনায় বক্তারা আরও বলেন, সরাইল উপজেলায় হাসপাতাল নির্মাণ হলে জেলা ও আশপাশের এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে। তারা সরকারের সিদ্ধান্তে স্বাস্থ্য ও অর্থ উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবিলম্বে সরাইলেই হাসপাতালের নির্মাণ কাজ শুরু করার দাবি জানান।

