রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ঘোষিত প্যানেলে খুলনার সন্তান, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শেখ তানভীর বারী হামিম সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হওয়ায় খুলনার তেরখাদায় আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) তেরখাদা উপজেলা ছাত্রদল এবং সরকারি নর্থ খুলনা কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আনন্দ মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নর্থ খুলনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ঈশান মোল্লা। সভা পরিচালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. রাব্বি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, খুলনা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ লিমন, আব্দুল্লাহ শেখ, ছাত্রনেতা ফুরকান আহম্মেদ, মো. সোহেল রানা, ছাচিয়াদাহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিকদার আবু নাইমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে খুলনার সন্তান শেখ তানভীর বারী হামিমের নেতৃত্ব আমাদের গর্বিত করেছে। তার মতো সাহসী ও সুশিক্ষিত নেতৃত্ব ডাকসু নির্বাচনে ছাত্রদলের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ছাত্রদলের প্যানেল ঢাবি ডাকসু নির্বাচনে সাফল্য অর্জন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

