শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে মাদক, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি বলেন, “সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশক্রমে কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক, মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন করা হবে। সমাজের সচেতন মানুষদের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ইউপি সদস্য আব্দুল গফফার, শেখ খাইরুল আলম, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান পুঁটি, ওয়াহিদুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য তাহমিনা পারভীন ও আকলিমা খাতুন, গণমাধ্যমকর্মী এস এম আহম্মদ উল্লাহ বাচ্চু ও হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব কামরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা, কন্যাশিশুকে বাল্যবিবাহ থেকে মুক্ত রাখা এবং দরিদ্র পরিবারগুলোকে মানবপাচারের ফাঁদ থেকে সচেতন করা সময়ের দাবি। এজন্য পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, শিক্ষক, গ্রাম্য চৌকিদার-দফাদার, ইমাম, পুরোহিতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

