নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে লোকমান হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তারেক আজিজ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করেছে। তবে পুলিশের দাবি, মারধরের পর আতঙ্কে লোকমানের মৃত্যু হয়েছে।
নিহত লোকমান শেরপুর জেলার চকপাড়ার সোনারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের অধীনে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঠিকাদারের কর্মী লোকমান ও তার সহকর্মী মোস্তাফিজুর রহমান (২৮) সেদিন কাজ শেষে অবশিষ্ট কিছু স্ক্রাব স্থানীয় একটি ভাঙারি দোকানে বিক্রি করেন। পরে সন্ধ্যায় তারা ওজন জানতে আবার দোকানে গেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ কয়েকজন তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন। এসময় তাদের গালিগালাজ করে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে লোহার রেঞ্জ দিয়ে লোকমানের হাতে ও পিঠে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোকমানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা জানান, ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

