মো.মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট)
জয়পুরহাটের কালাইয়ে ‘যমুনা ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠেছে। চক্রের প্রধান মোস্তাফিজুর রহমানকে স্থানীয়রা আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারকরা প্রথমে বাজারের জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গে পরিচিত হয় এবং বিভিন্ন গ্রামের সাধারণ মানুষদের কম সুদে কৃষি, খামার ও প্রবাসী ঋণের সুযোগ দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেন। প্রতারণায় প্রতিটি গ্রাহক থেকে ৫ হাজার থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে প্রতারকরা স্থানীয়দের জিজ্ঞাসার মুখে সঠিক উত্তর দিতে না পেরে পালিয়ে যায়। তবে মোস্তাফিজুর রহমানকে ধরতে সক্ষম হন স্থানীয়রা এবং তাকে ইউপি অফিসে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতারণা সংঘটিত হয়েছে ভুয়া পরিচয় ব্যবহার করে। এনজিওর অফিস ভাড়া নেওয়ার কথা বললেও চুক্তিপত্র ছিল না। আটককৃত ব্যক্তি আগে ম্যানেজার এবং ফোনে প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছিল।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, আটককৃত ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে টাকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। মামলা করতে কেউ রাজি না হওয়ায়, পরিবারের সদস্যদের মুচলেকার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

