হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ সেপ্টেম্বর) দিনভর বিশেষ টহল পরিচালনা করে বিজিবির শালকোনা, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সদস্যরা এসব পণ্য আটক করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, ভারতীয় শাড়ি, কম্বল, পোশাক, চকলেট, পেস্তা বাদাম, খৈনি, মোটরসাইকেলের যন্ত্রাংশ, ওষুধ এবং কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার ৭০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি বিশেষ পরিকল্পনা নিয়ে অভিযান পরিচালনা করছে। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

