ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় দলের দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু’র নেতৃত্বে কেক কাটা ও অন্যান্য কর্মসূচি পালন করার কথা ছিল। বিকাল ৪টা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কর্মী-সমর্থকরা সরাইল হাসপাতাল মোড়ে জড়ো হন।
একটি কদবেল খাওয়ার বিষয়ে সদর ইউনিয়নের সৈয়দটুলা ও উচালিয়াপাড়া গ্রামের দুই কর্মির মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর উভয়ের গ্রামের লোকজন পক্ষ নিয়ে ইটপাটকেল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, রামদা, টেটা ও বল্লম ব্যবহার করে সংঘর্ষে লিপ্ত হয়। রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম জানান, “ঝগড়া থামানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।”

