নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কেশারপাড় ইউনিয়নে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। স্বামী ছায়দুল হকের (৫৯) মৃত্যুর মাত্র ১২ মিনিট পরই স্ত্রী বিবি মরিয়ম (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছায়দুল হক। তাকে পরিবারের সদস্যরা স্থানীয় কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্রধরের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ত্রী বিবি মরিয়ম হঠাৎ স্ট্রোক করেন। বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে কানকিরহাট-হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইল এলাকায় তিনি রাস্তায় পড়ে যান। পরে তাকে পুনরায় একই চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
মৃত দম্পতি একই এলাকার আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন। তাদের ৬ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
কেশারপাড় ইউনিয়ন পরিষদের সদস্য আবু তালেব টিপু জানান, শুক্রবার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে এই দম্পতিকে দাফন করা হবে। তিনি বলেন, “একসঙ্গে এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

