আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
সাতক্ষীরার সদর উপজেলার কাশেমপুর সরদারবাড়ি এলাকায় কলার ভেলা চড়া নিয়ে দ্বন্দ্বের জেরে মোরসালিন (১১) নামে এক শিশুকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই এলাকার রাজমিস্ত্রি রাজু আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোরসালিন গোসল করতে গেলে একই এলাকার আবু সাঈদ মুহুরীর ছেলে মাহফুজুর রহমান শাওন (১৭)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন মোরসালিনকে জোরপূর্বক পানিতে চুবাতে থাকে। এতে মোরসালিন অচেতন হয়ে পড়ে এবং পরে মারা যায়। প্রত্যক্ষদর্শী মনোয়ারা খাতুনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাওনকে এলাকাবাসীর কাছ থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য শাওন ও তার মাকে থানায় নিয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের বাবা রাজু আহমেদ শিশুহত্যার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত শাওন পরিবারের কারও মন্তব্য জানা যায়নি।

