গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের মোট ৮৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও কাশিয়ানী উপজেলার ৪৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে গত বুধবার সদর ও মুকসুদপুর উপজেলার ৪২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। শুরুতে প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জ্যোৎস্না খাতুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরো ভালো ফলাফলের জন্য উৎসাহ জোগাবে।

