হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর বেনাপোলে ভারতীয় একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল ইয়ার্ডে অভিযান চালিয়ে ট্রাকটি তল্লাশি করা হয়। আটককৃত ট্রাকের নম্বর সিজি-০৪-পিইউ-৫২৮৮। আটককৃতরা হলেন ট্রাকচালক রামদাস (৪০) এবং হেলপার গুরজিত সলুজা (৫৪), দু’জনেই ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দা।
বিজিবির ২৪ ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযানে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ায় তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ট্রাকচালক গুরজিত সলুজা দাবি করেন, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় দস্যু ও ছিনতাইকারীদের হাত থেকে আত্মরক্ষার জন্য তারা এয়ার পিস্তল ব্যবহার করে থাকেন। ভারতে এটি সহজলভ্য এবং পাখি শিকারের জন্য ব্যবহৃত হয় বলেও জানান তিনি।
জানা গেছে, মহারাষ্ট্র থেকে কাঁচামরিচের একটি চালান নিয়ে ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে। চালানটির আমদানিকারক সিমু এন্টারপ্রাইজ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান সেন শিপিং লাইনস।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, বিজিবি নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সক্রিয় ভূমিকা রাখছে।

