দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত ও আশপাশের এলাকায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ১১ লক্ষ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। অভিযানে একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় শনিবার সকাল থেকে একাধিক অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকাল ১১:৪০ টায়, ৪৭ বিজিবির ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৭-এস এর প্রায় ৫ কিমি ভেতরে নওদাপাড়া বাজারে হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মো. ইয়াসিন (৪০) নামের একজনকে ২৩,০০০ পিস ভারতীয় চকলেট বাজি ও একটি মোটরসাইকেলসহ আটক করে।
আটক ইয়াসিন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
একইদিন বিকেল ৩:১৫ টায়, মথুরাপুর বিওপির অধীনে সীমান্ত পিলার ১৪০/৬-এস এর নিকট মরঘাটি এলাকায় নায়েব সুবেদার মো. আব্দুর রব এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০০ পিস ডেক্সামেথাসন ও ৪৫০ পিস সাইপ্রোহেপাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার করা হয়। পণ্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
শনিবার রাত ৮:৪৫ টায়, বিলগাথুয়া বিওপির সীমান্ত পিলার ১৪৯/২-এস সংলগ্ন বিলগাথুয়া পূর্বপাড়া মাঠে নায়েব সুবেদার মো. বজলুল রহমান এর নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালিয়ে ১৮ বোতল ভারতীয় মদ এবং
৩২০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানানো হয়, তিনটি অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য প্রায় ১০ লক্ষ ৭৩ হাজার টাকা।
আটক আসামিকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত চোরাচালানী পণ্যসমূহ ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ করে ধ্বংস করার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

