কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরু (৩৪) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ খান (২২)।
পুলিশ জানায়, গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাশেদ খানকে গোপালপুর এলাকা থেকে এবং নিয়াজ মোর্শেদ হিরুকে উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয়। তারা যথাক্রমে কোটালীপাড়া উপজেলার বন্দল গ্রামের নাদের আলী মিয়ার ছেলে এবং গোপালপুর গ্রামের মৃত নজরুল ইসলাম খানের ছেলে।
কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ চলাচলে বিঘ্ন ঘটে।
ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১৫৫ জনকে নামীয় আসামি এবং প্রায় ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, “ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ হিরু ও রাশেদ খান বিক্ষোভ কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দেন। তাই তাদের মামলার অজ্ঞাত আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।”
তিনি আরও জানান, “এ মামলায় এখন পর্যন্ত ৫৪ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেফতারকৃতদের রোববার আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়, বলে থানা সূত্র নিশ্চিত করেছে।

