রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বালুভর্তি একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী মোছা. রিক্তা বেগম (৪০), যিনি বর্তমানে ফরিদপুরের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বালিয়াকান্দি-নারুয়া সড়কের শালমারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মতিয়ার রহমান তার ছেলেকে জামালপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শালমারা এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি অবৈধ ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
একই মোটরসাইকেলে থাকা তার স্ত্রী মোছা. রিক্তা বেগম গুরুতর আহত অবস্থায় স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নিহত মতিয়ার রহমান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয়ভাবে একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শালমারা সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ বালুর ট্রাক চলাচল করছে। এগুলো অধিকাংশ সময়ই ওভারলোড থাকে এবং চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী অবৈধ ট্রাক চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

