নোয়াখালী প্রতিনিধি
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী প্রথম শ্রেণীর নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন আয়ুবপুর ও সাহাপুর গ্রামের তিনটি কাঁচা রাস্তায় এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এ রাস্তাগুলোতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়ুবপুর ও সাহাপুরের মূল রাস্তা এবং দুটি শাখা কাঁচা রাস্তা দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভা প্রতিষ্ঠার ১৪৯ বছর পার হলেও এ রাস্তাগুলো এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে। গত ৫০ বছর ধরে এ পথ দিয়ে স্থানীয়রা চলাচল করছে। বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা জমে চলাচল দুর্বিষহ হয়ে ওঠে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া কিংবা রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে কষ্টকর।
দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, “প্রথম শ্রেণীর পৌরসভার বাসিন্দা হয়েও এই এলাকার মানুষকে এখনো কাঁচা রাস্তায় চলাচল করতে হয়—এটা লজ্জাজনক। শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয় প্রায়ই। ভারি যানবাহন প্রবেশ করতে পারে না, ফলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত রাস্তাগুলো নির্মাণ করা জরুরি।”
স্থানীয় সমাজসেবক আকবর হোসেন জাবেদ বলেন, “প্রতিশ্রুতি শুধু কাগজে-কলমেই থাকে, বাস্তবে কোনো কাজ হয় না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি উপেক্ষা করা হচ্ছে। আমরা চাই অবিলম্বে রাস্তাগুলো নির্মাণ করা হোক।”
এসময় বিএনপি নেতা মো. সাহাব উদ্দিন, পাথরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

