বগুড়া প্রতিনিধি
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ প্রতিপাদ্যে বগুড়ায় আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন তিনি।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’তে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক এস. এম. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শিক্ষাই শক্তি। সাক্ষরতার বাইরে গিয়ে অক্ষরজ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমেই ডিজিটাল যুগে টিকে থাকা সম্ভব।”
তিনি আরও বলেন, “সরকার প্রাথমিক শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করলেও শিক্ষার্থী ঝরে পড়া এখনো উদ্বেগজনক। শিশুশ্রম আইনত দণ্ডনীয় হলেও দারিদ্র্যকে অজুহাত করে অনেক অভিভাবক কিশোর-কিশোরীদের কাজে পাঠাচ্ছেন।” চরাঞ্চলের শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, “বর্ষায় শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ায় নৌকা স্কুল চালুর উদ্যোগ নিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন ডা. মোফাখখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এবং জেলা সিনিয়র তথ্য অফিসার মুহা. মাহফুজার রহমান।
অনুষ্ঠানে অংশ নেয় টিএমএসএস, গাক, জিবিএস, বগুড়া ওয়াইএমসিএ, মেরী সমাজ কল্যাণ সংস্থা, প্রতিবন্ধী সেবা সংস্থা, উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

