দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান ব্রিজটি এখন যেন এক প্রকার হাটবাজারে পরিণত হয়েছে। ব্রিজের উভয় পাশে প্রায় ৫ ফুট জায়গাজুড়ে দখলদারদের বসানো হয়েছে অবৈধ দোকানপাট। এমনকি রাস্তাও ছেড়ে দেওয়া হয়নি—ফুল, ফল, কাচামালসহ নানা পণ্যের দোকান বসানো হয়েছে পথচারীদের চলাচলের পথে।
প্রায় ৮ মাস আগে প্রশাসনের পক্ষ থেকে ব্রিজের উপর একটি সাইনবোর্ড টাঙিয়ে দোকান বসানো নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা উপেক্ষিত। বর্তমানে আগের চেয়ে আরও বেশি দোকান বসেছে ব্রিজের উপর।
দুর্গাপুর বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে—এই দুই দিনে ব্রিজটির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। ফুটপাত তো দূরের কথা, নিচের রাস্তাও ব্যবহার করা কঠিন হয়ে পড়ে সাধারণ মানুষের জন্য। এর ফলে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।
বাজারে আসা একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফুটপাত আমাদের জন্য তৈরি করা হলেও আমরা ব্যবহার করতে পারি না। দোকানপাটের ভিড়ে চলাফেরার রাস্তা পর্যন্ত নেই।”
মোঃ আব্দুল ছোবান নামে এক পথচারী বলেন, “হাটের দিনে মেডিকেল মোড় থেকে জিয়া চত্বর পর্যন্ত ভয়াবহ যানজট হয়। এতে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী—সবার ভোগান্তি বাড়ছে।”
এক দখলদার ব্যবসায়ী বলেন, “সবাই যখন দোকান বসাচ্ছে, তখন আমিও বসিয়েছি। জানি মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের জন্য নির্দিষ্ট কোনো বিকল্প জায়গা নেই।”
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ নেব যাতে সাধারণ মানুষের চলাচলে অসুবিধা না হয়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, “ব্রিজের উপর নির্দেশনা সংবলিত সাইনবোর্ড স্থাপন করা হলেও দোকান বসানো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

