দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে আন্তঃবাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, দুর্গাপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। বিশেষ অতিথি ছিলেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম।
প্রতিযোগিতায় ফুটবল, দৌড়, লংজাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রতিটি খেলা হয়ে ওঠে প্রাণবন্ত।
অতিথিরা পুরস্কার বিতরণকালে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার পাশাপাশি নেতৃত্বগুণ ও প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।

