যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ার বামনহাটিতে সড়ক দুর্ঘটনায় মাহফুজ (২০) নামে এক আলম সাধু চালকের মৃত্যু হয়েছে। নিহত মাহফুজ মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামের মাসুদ মন্ডলের ছেলে। দুর্ঘটনায় আহত অপর একজনকে শালিখা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াডাঙ্গা বাজারের কাছে দুর্ঘটনা ঘটে। তারা বলেন, আলম সাধু রাস্তার পাশে পানির মধ্যে ছিটকে পড়ে। এতে মাহফুজের মুখ ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে বালিয়াডাঙ্গা বাজারে নিয়ে আসেন। এরমধ্যে মাহফুজকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
নিহতের চাচা রফিকুল ইসলাম জানান, “প্রতিদিনের মতো খুব সকালে আলম সাধু নিয়ে বের হয় মাহফুজ। সোয়া ১১টার দিকে খবর পাই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এখনো সে বিয়ে করেনি। বাবা-মায়ের একমাত্র সন্তান।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. রাফিয়াতুল জান্নাত নূর বলেন, “বেলা ১১টার কিছু সময় পর মাহফুজ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা নিরীক্ষা করলে দেখা যায়, হাসপাতলে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “কোনও অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

