মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো একটি কাভার্ডভ্যান সড়কের পাশে থাকা দোকানের ওপর উঠে পড়লে দোকানদার নিহত ও আরও দু’জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোকানদার ইলিয়াস সরদার (৪০) সদর উপজেলার নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালগামী কাভার্ডভ্যানটি সমাদ্দার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সরাসরি ইলিয়াসের দোকানের ওপর উঠে যায়। মুহূর্তেই দোকানঘরটি বিধ্বস্ত হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান দোকানদার ইলিয়াস।
দুর্ঘটনায় আহত হন ইলিয়াসের মেয়ে লাবনী (১২) এবং ক্রেতা শওকত সরদার (৩৫)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন।
মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।

