মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে জমকালো ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শিক্ষার্থীদের সৃজনশীলতা উন্মেষ, আনন্দমুখর শৈশব নিশ্চিতকরণ এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা, কেক কাটা এবং শিক্ষণীয় আলোচনা সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ বলেন, “শিশুদের মানসিক বিকাশের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। আছিয়া প্রি-ক্যাডেট স্কুল ইতিবাচক ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ মুহাঃ ফসিহ্যূর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের চরিত্র গঠন, শৃঙ্খলা এবং আনন্দমুখর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, সহযোগিতা ও বন্ধুত্ব বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক মোঃ মুরাদ হোসেন ও খাইরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ইরানী মাসুদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ শফিকুজ্জামান সবুজ।
উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত আছিয়া প্রি-ক্যাডেট স্কুল বর্তমানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত আধুনিক শিক্ষাব্যবস্থা ও দক্ষ শিক্ষকদের মাধ্যমে শিশুদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

