রাসেল আহমেদ খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্পে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের এই ঘটনাটি পুরো ক্যাম্পজুড়ে নেমে আনে হতবাক নীরবতা।
মৃত কনস্টেবলের নাম ফেরদৌস হোসেন (২৭)। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার সরকারি পরিচয় নম্বর কং/১১৬৪।
সহকর্মীরা জানান, সন্ধ্যার পর থেকেই ফেরদৌসকে ক্যাম্পে কোথাও দেখা যাচ্ছিল না। শুরু হয় খোঁজাখুঁজি। রাত বাড়তেই উদ্বেগও বাড়তে থাকে। এক পর্যায়ে বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক নীরবতা টের পেয়ে দরজা ভেঙে ফেলে পুলিশ সদস্যরা। সেখানে সিলিংয়ের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ফেরদৌসকে ঝুলতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি পৌঁছাতেই শিয়ালী ক্যাম্পে শোকের ছায়া নেমে আসে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সহকর্মীদের ভাষায়, শান্ত-স্বভাবের একজন পুলিশ সদস্য ছিলেন ফেরদৌস। তার এমন মৃত্যুতে তারা স্তম্ভিত ও গভীর শোকে নিমজ্জিত।

