রাসেল আহমেদ ,খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আট থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে একযোগে রদবদল করা হয়েছে। কেএমপির সংস্থাপন শাখার স্মারক নম্বর কেএমপির সংস্থাপন/৪৭৯-বিবিধ-২৫/৩৩৪২/৬৮—এই প্রজ্ঞাপনে ৬ ডিসেম্বর কেএমপি কমিশনার স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের মাধ্যমে নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থায় নতুন দায়িত্ব বিন্যাস কার্যকর করা হয়।
কেএমপি সূত্রে জানা গেছে, খালিশপুর থানার ওসি মীর আতাহার আলীকে বদলি করে পাঠানো হয়েছে নগর গোয়েন্দা দপ্তরে (ডিবি)। খুলনা থানার ওসি মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সোনাডাঙা থানার ওসি কবির হোসেনকে খুলনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
হরিণটানা থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে খালিশপুর থানায়, আর লবনচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমকে বদলি করে নেয়া হয়েছে খানজাহান আলী থানায়।
দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলামকে পাঠানো হয়েছে সোনাডাঙা থানায়। আড়ংঘাটা থানার ওসি শেখ খায়রুল বাশার দায়িত্ব পেয়েছেন হরিণটানা থানায়। অপরদিকে, খানজাহান আলী থানার ওসি তুহিনুজ্জামানকে বদলি করে দায়িত্ব দেওয়া হয়েছে লবনচরা থানায়।
এছাড়া খুলনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদকে নতুন ওসি হিসেবে আড়ংঘাটা থানায় পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। কেএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, রোববার বদলি হওয়া কর্মকর্তারা নিজ নিজ থানায় যোগদানের কথা রয়েছে।

