কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী স্কুলের ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা রাকিবুর রহমান রফিক, প্রতিবন্ধী সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য বাচ্চু মিয়া, শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ স্থানীয় সাংবাদিকরা।
সভাপতি ফারজানা আক্তার বলেন,“প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের উন্নয়ন ও কল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তাদের নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারি সহযোগিতার পাশাপাশি সমাজের সামর্থ্যবানদেরও প্রতিবন্ধীদের সেবায় এগিয়ে আসতে হবে।”
শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং প্রতিবন্ধী সেবা সংস্থার এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

