Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে শান্ত (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর নিকট মোহাম্মদপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক কারবারী শান্ত ঘটনার রাতে ৪-৫ জন সহযোগি নিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে মাদক ও অস্ত্র পাচার করছিল।

এ সময় ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মাদক ও অস্ত্র পাচারকারীরাও বিএসএফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে শান্ত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগিরা পালিয়ে প্রাণে বাঁচে।

গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে শান্তকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর তার মৃত্যু হয়। বিএসএফ’র গুলিতে শান্ত নিহত হওয়ার ঘটনা তার পরিবার বিজিবিকে জানালে শান্তর লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয় বিজিবি।

বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

ঘটনার রাতে সীমান্তে শান্ত সহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ তাকে হেফাজতে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শান্তর মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। শান্তর মরদেহ ফেরত পেলে আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারকে হস্তান্তর করবো বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।