Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অটোমেটেড যন্ত্রে আখের ওজন, দু’এক ঘণ্টায় টাকা পরিশোধ,খুশি চিনিকলের আখচাষিরা

ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

মোবারকগঞ্জ চিনিকলে আখ ক্রয় ও কৃষকের পাওনা অর্থ পরিশোধে অটোমেটেড ও ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। দেশের ৯টি চিনিকলের মধ্যে প্রথমবারের মতো মোবারকগঞ্জ চিনিকলে এ পদ্ধতির যাত্রা শুরু হলো। এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের একটি পাইলট প্রোগ্রাম।

 

গত ১২ ডিসেম্বর মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডিজিটাল পদ্ধতিতে আখের ওজন গ্রহণ ও দ্রুত টাকা পরিশোধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আখচাষি এবং মিলের কর্মকর্তা-কর্মচারীরা। মিল কর্তৃপক্ষের আশা, এ পদ্ধতির ফলে সময় ও খরচ উভয়ই কমবে।

 

বিগত বছরগুলোতে আখের মূল্য পরিশোধে বিলম্ব হওয়ায় আখচাষ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। তবে চলতি মৌসুমে নতুন পদ্ধতিতে আখের ওজন ও তাৎক্ষণিক অর্থ পরিশোধ নিশ্চিত হওয়ায় কৃষকরা আবার আগের মতো আখচাষে ফিরবেন বলে আশাবাদী মিল কর্তৃপক্ষ।

 

মিল কর্তৃপক্ষ ও টেকনিশিয়ান টিম সূত্রে জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে আখবোঝাই গাড়ি ওজন যন্ত্রে ওঠানোর পর মিল থেকে দেওয়া ইস্যুতে থাকা কিউআর কোড পজ মেশিনে স্ক্যান করলেই কৃষকের যাবতীয় তথ্য স্ক্রিনে ভেসে ওঠে। এরপর ডিজিটাল ঘড়িতে প্রদর্শিত গাড়িসহ আখের ওজন ক্যামেরার মাধ্যমে ধারণ করে ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে প্রিন্ট করা হয়। আখ নির্দিষ্ট স্থানে নামিয়ে নেওয়ার পর খালি গাড়ির ওজন একইভাবে নেওয়া হয়। ফলে প্রকৃত আখের ওজন নির্ধারিত হয়ে তা সরাসরি মিলের অর্থ বিভাগের কম্পিউটারে পৌঁছে যায়। অনুমোদনের পর বিকাশ পেমেন্টের মাধ্যমে কৃষকের মোবাইলে টাকা পাঠানো হয়। পুরো প্রক্রিয়াটি এক-দুই মিনিট থেকে সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে সম্পন্ন হচ্ছে।

আখ ক্রয়ের সুবিধার্থে মিলগেট ও কেন্দ্র মিলিয়ে মোট ৪২টি ডিজিটাল ওজন যন্ত্র স্থাপন করা হয়েছে। এ ব্যবস্থাপনার জন্য ‘স্মার্ট ক্যান প্রকিউরমেন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেম (Smart Cane Procurement and Payment System)’ নামে একটি বিশেষ অ্যাপস তৈরি করা হয়েছে। অ্যাপসটি তৈরি ও বাস্তবায়ন করেছে আর্ট টেক নামের একটি আইটি প্রতিষ্ঠান।

আইটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মোবারকগঞ্জ চিনিকলে এই প্রথম অটোমেটেড পদ্ধতিতে আখের ওজন ও টাকা পরিশোধ কার্যক্রম চালু হয়েছে। এতে অল্প জনবল ও কম খরচে কৃষকরা সহজেই আখ বিক্রি ও দ্রুত টাকা পাচ্ছেন। প্রাথমিক ব্যয় থাকলেও দীর্ঘদিন একই যন্ত্রপাতি ব্যবহার করা যাবে, ফলে মিলের খরচ কমবে।

মিলগেট এলাকার আখচাষি মিজানুর রহমান বলেন, উদ্বোধনের দিন সন্ধ্যায় আখ দেওয়ার পর রাতে বাড়ি ফিরে দেখি বিকাশের মাধ্যমে আমার মোবাইলে টাকা চলে এসেছে। প্রথমে বিশ্বাসই করতে পারিনি। পরে নিশ্চিত হই এটি আমার আখ বিক্রির টাকা।

মোবারকগঞ্জ চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে আখের ওজন ও মূল্য পরিশোধ করা হচ্ছে। এতে কৃষকদের ভোগান্তি দূর হবে এবং আখচাষে তাদের আগ্রহ বাড়বে। অতীতে ওজন ও টাকা পরিশোধ নিয়ে নানা অভিযোগ থাকলেও এখন তা আর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

চলতি ২০২৫-২৬ মাড়াই মৌসুমে প্রতি মণ আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এটি মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুম। এ বছর ৫৬ দিনে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের সম্ভাব্য হার ধরা হয়েছে ৫.৫০ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।