যশোর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রোববার (১৪ ডিসেম্বর) সকালে যশোরের রায়পাড়া শংকরপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা জানান। এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও শিক্ষাবোর্ড যশোর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিটিআই, সামাজিক বনবিভাগ, এলজিইডি, জেলা শিক্ষা অফিস, আইডিইবি, জাতীয় মহিলা সংস্থা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, স্বাস্থ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বিসিক, কমিউনিস্ট পার্টি, জেলা শিল্পকলা একাডেমি, জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শপথবাক্য পাঠ করা হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়।

