Nabadhara
ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে নারী কৃষকদের নিয়ে কাজ করছে পার্টনার ফিল্ড স্কুল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 
ডিসেম্বর ১৪, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি 

খাদ্য ও পুষ্টির ঘাটতি পূরণে বসতভিটায় নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে যশোরের মনিরামপুরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কার্যক্রম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং গ্রামীণ নারী কৃষকদের মধ্যে সচেতনতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলছে।

পার্টনার ফিল্ড স্কুলের আওতায় প্রতিটি স্কুলে ২৫ জন করে নারী কৃষক সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। পরিবারে খাদ্য ব্যবস্থাপনা ও পুষ্টি নিশ্চিতকরণে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ হওয়ায় এই কার্যক্রমের সুফল সরাসরি পরিবার ও সমাজে প্রতিফলিত হচ্ছে।

পিএফএস কার্যক্রমের মাধ্যমে নারী কৃষকদের খাদ্য ও পুষ্টির উপাদান, পুষ্টির উৎস, পুষ্টিহীনতার লক্ষণ ও প্রতিকার, নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল এবং বসতভিটায় পুষ্টিবাগান স্থাপন ও ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর ফলে তারা সারা বছর নিজ পরিবারের জন্য নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে সক্ষম হচ্ছেন।

পিএফএস কার্যক্রম শুরুর পর স্থাপিত নমুনা পুষ্টিবাগান দেখে আশপাশের মানুষও উৎসাহিত হয়েছেন। বর্তমানে মনোহরপুর ইউনিয়নের অনেক পরিবারই নিজেদের বসতভিটার আঙিনায় পুষ্টিবাগান গড়ে তুলেছেন। এতে একদিকে যেমন নিরাপদ সবজির সহজ প্রাপ্যতা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে বাড়ছে পারিবারিক আয়।

সরেজমিনে পিএফএস সদস্য নাসিমা, রহিমা ও খাদিজার সঙ্গে কথা হলে তারা জানান, পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে তারা বসতভিটায় পুষ্টিবাগান করেছেন। এখন সারা বছর নিরাপদ সবজি পাচ্ছেন এবং পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বিক্রি করেও আয় করছেন। তাদের দেখাদেখি প্রতিবেশীরাও পুষ্টিবাগান শুরু করেছেন।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, জসীম উদ্দিন ও মানসী রায় বলেন, পার্টনার ফিল্ড স্কুল নারী কৃষকদের খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতন করে তুলছে। বসতভিটায় সবজি চাষের মাধ্যমে পরিবারভিত্তিক পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়া হোসেন বলেন,“খাদ্য ও পুষ্টির ঘাটতি দূর করতে বসতভিটায় পুষ্টিবাগান স্থাপনের কোনো বিকল্প নেই। পার্টনার ফিল্ড স্কুল একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সুস্থ, সুখী ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”

মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন হালদার বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম ইতোমধ্যে মনিরামপুরে একটি সফল মডেলে পরিণত হয়েছে। নারীর ক্ষমতায়ন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।