জামালপুর প্রতিনিধি
জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের বকুলতলা চত্বর থেকে মোমবাতি প্রজ্বলন করে আলোর মিছিলটি শুরু হয়। গানে গানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী এলাকায় অবস্থিত ৭১-এর শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভের বেদীতে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর লালন একাডেমির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক, উদীচী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ১৯৭১ সালে দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে তারা জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা শহীদ বুদ্ধিজীবীদের শূন্যতা গভীরভাবে অনুভব করি।

