জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং “উন্নয়ন” (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন করা হয়। শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী এস. এম. আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, শোভনালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান পাড়, পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. তারিকুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম গাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক তাপস কুমার দাশ, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক ও স্বাস্থ্য পরিদর্শক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ।
অনুষ্ঠানের শুরুতে সাইকেল র্যালি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এছাড়াও সামাজিক উন্নয়ন, যুব উন্নয়ন, শ্রেষ্ঠ প্রবীণ-সন্তান সম্মাননা, সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সাংবাদিক, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং সমৃদ্ধি কর্মসূচির কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

