Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৬, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপাচার্যের দপ্তরের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবন সংলগ্ন আমবাগানের বৈশাখী মেলার মাঠে গিয়ে শেষ হয়।

পরে উপাচার্য দিনব্যাপী আয়োজিত বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, সাংস্কৃতিক ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে সংযোগের প্রতীক। নববর্ষ শুধু একটি দিনের উৎসব নয়, বরং সারা বছরজুড়ে এ সংস্কৃতি ধারণ ও চর্চা করা প্রয়োজন। নতুন বছর পুরাতন গ্লানি ভুলে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতিচর্চাকে আরও বেগবান করে। নতুন বছরে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন তিনি।

এ সময় উপাচার্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাহারি পিঠাপুলি, দেশীয় খাবার ও নান্দনিক সামগ্রী দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সকলকে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি. এম. আহমেদ হুসেইন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ।

দিনব্যাপী মেলা শেষে বিকাল ৩টায় আমবাগানে বাউল শিল্পী ও বাউবি পরিবারের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা নববর্ষ উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।