আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হাম সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার দুর্গাপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘আর্ট অব লিভিং’ এবং ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের যৌথ আয়োজনে ক্যাম্পে স্থানীয় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ফাহাদ বিন সাদ। এ সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মুরশিদুল বারি নিশাত, সাবিহা সুলতানা, সিহাবুল ইসলাম সৈকত, চৈতি হালদার ও সাদিয়া খাতুন।
সার্বিক সহযোগিতায় ছিল ডিআইইউ অ্যালামনাই এবং মেডিসিন পার্টনার হিসেবে ছিল এটেক্স (ATex) কর্পোরেশন।
আয়োজক শিক্ষার্থীরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

