কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, সিনিয়র সহকারী শিক্ষক কাজী মো. মনিরুজ্জামান, কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুলহাস হোসেন সোহাগ এবং অভিভাবক প্রতিনিধি মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আহাদ আলী।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগ সহকারে পড়াশোনা ও নৈতিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ১৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

